রবিবার, ২৭ জুন ২০২১
প্রথম পাতা » » সোম নয় বৃহস্পতিবার থেকে লকডাউন
সোম নয় বৃহস্পতিবার থেকে লকডাউন
![]()
ঢাকা প্রতিনিধি : ২৮ থেকে ৩০ জুন সীমিত পরিসরে লকডাউন, ১ থেকে ৭ জুলাই সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শনিবার দিবাগত রাতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। আগামীকাল রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
সুরথ কুমার বলেন, আজ রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।
তিনি বলেন, সোমবার (২৮ জুন) থেকে সীমিত আকারে লকডাউন কার্যকর থাকবে। তার মানে যানবাহন, দোকানপাট, হোটেল সীমিতভাবে চলবে। আর বৃহস্পতিবার ১ জুলাই থেকে ৭ দিনের সর্বাত্মক লকডাউন হবে।
করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পুরো দেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ করেছিল কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এই কমিটির সুপারিশের পর গতকাল শুক্রবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, সোমবার থেকে সারা দেশে সাত দিনের কঠোর বিধিনিষেধ শুরু হবে। বন্ধ থাকবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ বিকেলে বলেন, কঠোর লকডাউনের মধ্যে জরুরি কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবে না। সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো খোলা থাকবে। পোশাক কারখানার সঙ্গে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। খুবই সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। প্রতিটি বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিতভাবে বলে দেওয়া হবে।
কঠোর লকডাউনের মধ্যে জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং গণমাধ্যম লকডাউনের আওতার বাইরে থাকবে বলে শুক্রবার সরকারের পক্ষ থেকে জানানো হয়। এরপর জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছিলেন, প্রাথমিকভাবে সাত দিন কঠোর লকডাউন পালন করা হবে। পরিস্থিতি দেখে প্রয়োজনে এর সময় বাড়ানো হবে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ এপ্রিল থেকে লকডাউন শুরু করে সরকার। ধাপে ধাপে এর মেয়াদ বাড়িয়ে বিধিনিষেধগুলো পর্যায়ক্রমে শিথিল করা হয়। গত ১৭ জুন থেকে স্বাভাবিকভাবে চলছে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান, বিনোদন ও পর্যটনকেন্দ্র বন্ধ রয়েছে। সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে।
রাজধানী ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করতে গত ২২ জুন থেকে নয় দিনের জন্য নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় কঠোর লকডাউন দেওয়া হয়। এর বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে লকডাউন ঘোষণা করা আছে। এ ছাড়া সারা দেশে মানুষের চলাচলে আগামী ১৫ জুলাই পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা আছে।





গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
বিএনপির নেতার আশাবাদি বক্তব্য ১৫ দিন নয়, একদিন পরই নির্বাচনের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
কমলনগরে ছেচঁরা চোর থেকে মাদক ব্যবসায়ী, করেন আলিশান বাড়ি
শপথ নেন অন্তবর্তিকালীন সরকার, তাদের পরিচয়
লক্ষ্মীপুরে চেয়ারম্যান টিপুকে গ্রেফতারে দাবি জানান সমন্বয়করা
কমলনগরে ভাষা দিবসে ফাটা-ছেঁড়া পতাকা টাঙান সাব-রেজিস্ট্রার অফিস